| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: দায়ীদের শাস্তি চেয়ে আইনি নোটিশ

  • আপডেট টাইম: 29-05-2026 ইং
  • 13728 বার পঠিত
আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: দায়ীদের শাস্তি চেয়ে আইনি নোটিশ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ এবং দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবি তোলা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ও শিশু অধিকারকর্মী অ্যাডভোকেট ইশরাত হাসান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালকের কাছে অনলাইনে এ আইনি নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ, শোক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম ও অভিভাবকদের অভিযোগের বরাতে উল্লেখ করা হয়, গভীর রাতে সদ্য জন্ম নেওয়া কয়েকটি নবজাতক একসঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে অবিরাম কান্না, বমি, শ্বাসকষ্ট এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতির মতো উপসর্গ দেখা দেয়। একই সময়ে কয়েকজন প্রসূতি মাও অসুস্থ হয়ে পড়েন।

আইনি নোটিশে অভিযোগ করা হয়, সংকটপূর্ণ পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত জরুরি চিকিৎসাসেবা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এছাড়া দায়িত্বপ্রাপ্ত চিকিৎসাকর্মীদের উপস্থিতি ও তৎপরতাও প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত ছিল বলে উল্লেখ করা হয়। সংকটাপন্ন নবজাতকদের উন্নত চিকিৎসা বা উপযুক্ত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরের ক্ষেত্রেও বিলম্ব হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

নোটিশে আরও বলা হয়, এসব অব্যবস্থাপনার কারণে একের পর এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে, যা শুধু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেই নয়, পুরো জাতিকেই শোকাহত করেছে। একই সঙ্গে ঘটনাটি দেশের হাসপাতালগুলোতে মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডের নিরাপত্তা, জরুরি চিকিৎসা সাড়া ব্যবস্থা, রোগী পর্যবেক্ষণ এবং সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার গুরুতর দুর্বলতাও সামনে নিয়ে এসেছে।

এতে বিশেষভাবে উল্লেখ করা হয়, নবজাতক ও প্রসূতি মায়েদের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা, দ্রুত চিকিৎসাসেবা এবং জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা এ ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে।

এ ঘটনায় চার দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারী ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কার্যকর ও পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে জরুরি চিকিৎসা, রোগী নিরাপত্তা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশিকা ও প্রটোকল প্রণয়ন এবং তা বাস্তবায়ন।

এছাড়া প্রতিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, জরুরি চিকিৎসা, রোগী নিরাপত্তা, সেবার মান এবং সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত তদারকির জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা বা তদারকি কমিটি গঠনের দাবিও জানানো হয়েছে।

নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে নেওয়া পদক্ষেপ জনসাধারণকে জানানোর অনুরোধ করা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪