শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আগামীকাল শনিবার (৩০ মে) যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের গুলিতে তিনি শাহাদাতবরণ করেন। এরপর থেকেই দিনটি দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়ে থাকে।
দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সকাল থেকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, শহীদ জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল এবং আলোচনা সভা। পাশাপাশি অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণের কর্মসূচিও রাখা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও একই ধরনের কর্মসূচি পালন করা হবে। অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, সেমিনার এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনও থাকবে।
এদিকে দিবসটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য তৈরি হয়েছে। নেতারা বলছেন, জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানকে স্মরণ করেই এই কর্মসূচি পালিত হচ্ছে।
উল্লেখ্য, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি জন্মগ্রহণ করা জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম ঘোষক হিসেবে পরিচিত এবং পরবর্তীতে তিনি দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
হাফিজ/ আয়না নিউজ