রাশিয়ার একটি ড্রোন রোমানিয়ার পূর্বাঞ্চলীয় শহর গালাতিতে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানার ঘটনায় দুইজন আহত হয়েছেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৯ মে) ইউক্রেন ও মলদোভার সীমান্তঘেঁষা গালাতি শহরে এ ঘটনা ঘটে। ড্রোনের আঘাতে ভবনের ১০ম তলায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোমানিয়ার জরুরি পরিস্থিতি কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনের বিস্ফোরণে ভবনে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার সময় প্রায় ৭০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় চিকিৎসা কর্তৃপক্ষ জানিয়েছে, আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর নয়।
ঘটনার পর রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশোর ড্যান দেশটির সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের জরুরি বৈঠক আহবান করেন। তিনি একে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রোমানিয়ার ভূখণ্ডে সবচেয়ে গুরুতর নিরাপত্তা ঘটনা হিসেবে উল্লেখ করেন।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোন শনাক্ত হওয়ার পর দুইটি এফ-১৬ যুদ্ধবিমান দ্রুত পাঠানো হলেও মাত্র কয়েক মিনিটের মধ্যেই আঘাত ঘটে যায়। সেনাবাহিনী জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের সময়সীমা ছিল অত্যন্ত সীমিত।
সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রোমানিয়ার প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের আকাশসীমা লঙ্ঘন না করার বাধ্যবাধকতার কারণে সরাসরি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেনি।
এদিকে রোমানিয়ার কর্তৃপক্ষ এটিকে সরাসরি হামলা নয়, বরং ইউক্রেন যুদ্ধের প্রভাব হিসেবে উল্লেখ করেছে। গত কয়েক বছরে রুশ ড্রোন একাধিকবার রোমানিয়ার সীমান্ত অতিক্রম করেছে এবং চলতি বছরেও এ ধরনের ঘটনা বাড়ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এই ঘটনার পর ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া।
সূত্র: বিবিসি
হাফিজ/ আয়না নিউজ