রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী ৩ জুন তাদের প্রতিবেদন জমা দেবে বল জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (৩০ মে) সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে প্রতিবেদন দিতে পারছি না। তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে। কারণ সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো নেওয়া হয়নি। তাদের বক্তব্য অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়া হবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের এসি রাত ২টা থেকে ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এ সময় পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থাও ছিল না। তদন্ত প্রতিবেদনে যাদের গাফিলতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে গত বুধবার (২৭ মে) রাতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের পর ছয় নবজাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রমনা থানা-য় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ