বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, রাজধানীর ১৬টি পৃথক স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে মানিক মিয়া এভিনিউ, শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইন ও ধানমন্ডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা।
কর্মসূচির মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র সহায়তা পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়।
হাফিজ/ আয়না নিউজ