| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুক্তি না হলে ইরানে ফের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: পেন্টাগন প্রধান

  • আপডেট টাইম: 30-05-2026 ইং
  • 12252 বার পঠিত
চুক্তি না হলে ইরানে ফের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: পেন্টাগন প্রধান

কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র—এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

শনিবার (৩০ মে) সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান যুদ্ধ অবসান ও সম্ভাব্য সমঝোতা নিয়ে কূটনৈতিক আলোচনা চললেও, একই সময়ে এই কঠোর বার্তা দিলেন তিনি।

হেগসেথ বলেন, “প্রয়োজনে আবারও হামলা শুরু করার পূর্ণ সক্ষমতা আমাদের রয়েছে। আমাদের অস্ত্রভান্ডার শুধু এই অঞ্চলেই নয়, বরং বিশ্বজুড়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।”

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র তার প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি করছে, যার ফলে ভবিষ্যতে গোলাবারুদ উৎপাদন বর্তমানের তুলনায় কয়েকগুণ বাড়ানো সম্ভব হবে।

পেন্টাগন প্রধান বলেন, যুক্তরাষ্ট্র একই সঙ্গে একাধিক বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতিরক্ষায়ও তারা অঙ্গীকারবদ্ধ।

এদিকে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে একটি “কার্যকর ও টেকসই চুক্তি” করতে আগ্রহী, যাতে তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

এর আগে শুক্রবার (২৯ মে) ট্রাম্প জানান, ইরান-সংক্রান্ত যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হোয়াইট হাউসে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রস্তাব অনুযায়ী চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যাতে স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক সময় পাওয়া যায়।

উল্লেখ্য, চলমান এই সংঘাতের সূত্রপাত ঘটে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের মধ্য দিয়ে। এতে এখন পর্যন্ত হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই ইরান ও লেবাননের নাগরিক।

অন্যদিকে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ আংশিকভাবে বন্ধ করে দেয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, যা আন্তর্জাতিক অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪