শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৩০ মে) রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে এবং তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগ করেছেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদার প্রদর্শিত পথই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের মূল ভিত্তি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী এবং সেই আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন দেশকে সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় পরিচালনার প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানকে তিনি গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন এবং এর চেতনায় দেশের গণতান্ত্রিক ভিত্তি আরও শক্তিশালী করার কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী দেশের গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।
হাফিজ/ আয়না নিউজ