| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী আস্তানা গড়ে উঠতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম: 31-05-2026 ইং
  • 9514 বার পঠিত
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী আস্তানা গড়ে উঠতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে কোনোভাবেই অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হতে দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এলাকাটিতে অবৈধ দখলদারদের তালিকা ইতোমধ্যে তৈরি করা হয়েছে, তবে স্থানীয় প্রকৃত বাসিন্দাদের উচ্ছেদ করা হবে না; বরং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দুর্গম পাহাড়ি এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জঙ্গল সলিমপুর নিয়ে সরকারের একটি মহাপরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন ঝুলে থাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের বিষয়টিও দ্রুত সমাধান করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, শুধু জঙ্গল সলিমপুর নয়, সারাদেশে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস দমনে সাঁড়াশি অভিযান চালানো হবে। কেউ সাধারণ মানুষকে ভয় দেখালে বা চাঁদা দাবি করলে সরাসরি প্রশাসনের কাছে অভিযোগ করতে হবে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন ভূমিপ্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাব-৭ এর অধিনায়ক, চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি এই এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে র‌্যাবের এক কর্মকর্তা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এরপর ৯ মার্চ সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে এলাকা নিয়ন্ত্রণে নেয় প্রশাসন এবং আলীনগরে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।

পরবর্তীতে ২৪ মে গভীর রাতে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের নেতৃত্বে কয়েকশ সশস্ত্র অপরাধী যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালায় এবং অবকাঠামো ভাঙচুর করে। প্রায় দুই ঘণ্টার গোলাগুলির পর তারা পাহাড়ের গভীরে পালিয়ে যায়। এ ঘটনায় ২৬ মে সীতাকুণ্ড থানায় ৪৩ জনের নাম উল্লেখসহ প্রায় ৩০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪