| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামী ব্যাংকের গ্রাহকদের দ্বিতীয় দিনের আন্দোলন, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

  • আপডেট টাইম: 02-06-2026 ইং
  • 2885 বার পঠিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের দ্বিতীয় দিনের আন্দোলন, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের সকল সদস্যের অবিলম্বে পদত্যাগ, নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এতে কয়েক শত সচেতন গ্রাহক অংশগ্রহণ করেছেন।

কর্মসূচিকে ঘিরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। প্রস্তুত রাখা হয় জলকামান ও সাঁজোয়া যান।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা নিয়োগ বাতিল, ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানান।

মানববন্ধনে অংশ নিয়ে আব্দুল হান্নান খন্দকার বলেন, ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা ও আমানত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে অতীতের বিভিন্ন সময় ব্যাংকটি নিয়ে অনিয়ম ও অর্থপাচারের অভিযোগ ওঠে বলে দাবি করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে ব্যাংককে ‘সঠিক পথে ফিরিয়ে আনা’ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আরেক অংশগ্রহণকারী আবুল খায়ের আজাদ অভিযোগ করে বলেন, আগের দিনের কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনা ঘটেছে। তিনি নতুন চেয়ারম্যান নিয়োগকে প্রশ্নবিদ্ধ দাবি করে অবিলম্বে তা বাতিলের আহ্বান জানান। পাশাপাশি সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানান তিনি।

আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার হয়েছে এবং ব্যাংকের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তারা ব্যাংকটির শরীয়াহভিত্তিক চরিত্র ও আস্থা পুনরুদ্ধারের দাবি জানান।

এর আগে সোমবার একই দাবিতে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ ওঠে।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরবর্তীতে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকের গ্রাহক ও একটি অংশের শেয়ারহোল্ডারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪