প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
সফরকালে কুয়ালালামপুরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, হালাল খাদ্যশিল্প, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অর্থনৈতিক সহযোগিতা—এসব বিষয় গুরুত্ব পেতে পারে।
এছাড়া মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। সফরসূচিতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণের বিষয় রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী পরবর্তী গন্তব্য হিসেবে চীন সফর করতে পারেন। সম্ভাব্য সূচি অনুযায়ী ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চীন সফর হতে পারে। প্রধানমন্ত্রী কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিং যাবেন কি না, নাকি ঢাকায় ফিরে পরে সফরে যাবেন—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করেছিলেন। এর আগে ২০২৪ সালের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন।
হাফিজ/ আয়না নিউজ