পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মামী ও ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে এবং আরও চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ভাগ্নীর বাবা জয়নউদ্দিন গত রাতে দেবীগঞ্জ থানায় এ মামলা করেন।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান দুই তরুণী মামী ও ভাগ্নী। অনুষ্ঠান শেষে তারা দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা এলাকায় নিজ বাড়িতে ফেরার চেষ্টা করেন। তবে বাড়িতে তালা থাকায় তারা আশ্রয়ের খোঁজে একটি আশ্রয়ন প্রকল্পের ঘরের দিকে যান।
অভিযোগ অনুযায়ী, এ সময় প্রতিবেশী পারভেজ চার্জার ভ্যানের ব্যবস্থা করার কথা বলে রাসেল বিশ্বজিতসহ কয়েকজনকে ডেকে আনে। পরে পারভেজ, রাসেল ও বিশ্বজিৎসহ কয়েকজন ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে ভাগ্নীর ওপর নির্যাতন চালায়। একই সময় ডেকে আনা অন্যরা মামীকে পাশের এলাকায় নিয়ে গিয়ে নির্যাতন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরদিন ১ জুন ভুক্তভোগীদের শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, দুই তরুণী হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালেক জানান, ঘটনায় তিনজনকে নামীয় এবং চারজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে আইনগত প্রক্রিয়া চলছে।
বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ