ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না। এমনটাই ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বিআরপিডি এ নির্দেশনা জারি করে।
ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের এই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত যেকোনো ধরনের বিদেশ সফর পরিহার করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। এবং এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।