ময়মনসিংহের ত্রিশালে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসির ফাহিম নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে তার ঘনিষ্ঠ বন্ধু অহিদুল ইসলাম।এমন অভিযোগ উঠেছে। হত্যার পর কুড়াল হাতে নিজেই থানায় হাজির হয় অভিযুক্ত যুবক।
বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে ঘটে এ হত্যাকাণ্ড। নিহত ফাহিমের বয়স ২২ বছর। তিনি ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে।
পরিবার জানায়, মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন ফাহিম। চার মাস আগে দেশে ফেরেন। আবারো মালয়েশিয়া যাওয়ার কথা ছিল আগামী শনিবার। ২৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল তার ক্লাস।
এদিকে অভিযুক্ত অহিদুল ইসলাম ( ২২) ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে। ঘটনার পর রাত নয়টার দিকে ‘চায়নিজ কুড়াল’ হাতে ত্রিশাল থানায় গিয়ে তিনি পুলিশের কাছে বলেন, “ফাহিম আমার জীবন নষ্ট করেছে, তাই তাকে কুপিয়ে ফেলেছি।”
অহিদুলের এ স্বীকারোক্তির পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নজরুল একাডেমি মাঠের পূর্ব পাশে পানির ট্যাংকের কাছে ফাহিমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের বাবা রেজাউল ইসলাম জানান, কেন আমার ছেলেকে হত্যা করল, বুঝতে পারছি না। আমার ছেলে তো দেশেই থাকত না। কী ক্ষোভ ছিল?
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মনসুর আহমেদ বলেন, নিহত ও অভিযুক্ত দুজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হত্যার পর অহিদুল দাবি করেছে ফাহিম তার ‘জীবন নষ্ট করেছে’। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
এদিকে বন্ধুর হাতে বন্ধুর এমন নির্মম মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।