মেহেরপুরের সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক মুকুল হোসেনকে গুলি করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) ভোর প্রায় ৫টার দিকে কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়া এলাকার মাঝামাঝি কাশেম মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং স্থানীয় বাসিন্দা নেক মহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে শরীরচর্চার জন্য হাঁটতে বের হলে আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বুকে ও পিঠে অন্তত পাঁচটি গুলি লাগে।
স্থানীয় বিএনপি নেতা ফরমান ও আবু বক্কর জানান, মুকুল হোসেন পেশায় একজন ড্রাইভার। তিনি নিয়মিত ভোরে হাঁটতে বের হতেন। তারা জানান, কিছুদিন আগে এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং এরপর থেকে বিষয়টি নিয়ে বিরোধ চলছিল। তাদের ধারণা, পূর্বের ওই বিরোধের জের ধরেই হামলাটি হয়ে থাকতে পারে। ব্যক্তিগত শত্রুতার কারণেও এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। এর আগেও দুই দফায় তাকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ সেখান থেকে গুলির চারটি খোসা উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ