দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ আগুনে দগ্ধ অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা তপন রায় (৫০) এবং তার স্ত্রী লতা রানী (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ তপন রায়ের বাড়িতে আগুন জ্বলতে দেখতে পান এলাকাবাসী। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভানোর পর ঘর তল্লাশি করতে গিয়ে মেঝেতে পড়ে থাকা দগ্ধ অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওবায়দুর ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর দুটি কক্ষবিশিষ্ট ঘর সম্পূর্ণ পুড়ে গেছে বলে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে, দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরনবী জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাফিজ/ আয়না নিউজ