পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি রাজনৈতিক নেতা ইমরান খানকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন তার ছোট ছেলে কাসিম খান। তিনি দাবি করেছেন, ৮৪৫ দিন ধরে বন্দি থাকা ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে, এবং গত ছয় সপ্তাহ ধরে তিনি রয়েছেন ‘ডেথ সেল’-এ একক বন্দিত্বে।
এক্স–এ প্রকাশিত এক বিবৃতিতে কাসিম বলেন, পরিবারকে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কোনও সাক্ষাৎ নয়, কোনও ফোন কল নয়—এমনকি তার জীবিত থাকারও কোনও প্রমাণ নেই। পরিস্থিতিকে তিনি বলেছেন ‘ইচ্ছাকৃত অন্ধকারে রাখা’।
জানা গেছে, যুক্তরাজ্যে বসবাসকারী কাসিম ও তার পরিবার সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও এ বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করছেন। কাসিম দাবি করেন, এক মাসেরও বেশি সময় ধরে পাকিস্তান সরকার অঘোষিতভাবে পারিবারিক সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে।
প্রাক্তন ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খান বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তার নিরাপত্তা নিয়ে কাসিম কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন,ইমরানের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে পাকিস্তান সরকার এবং তাঁদের ‘হ্যান্ডলারদের’ই আইনগত, নৈতিক ও আন্তর্জাতিকভাবে পুরো দায় নিতে হবে।
এ ছাড়া তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য,অবিলম্বে জীবিত থাকার প্রমাণ প্রকাশ, আদালতের নির্দেশ অনুসারে সাক্ষাৎ নিশ্চিত করা এবং একক বন্দিত্বের মতো অমানবিক পরিস্থিতির অবসান ঘটাতে হবে।
কাসিম আরও দাবি করেন রাজনৈতিক কারণে আটক পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতাকে মুক্তি দিতে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে।