ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৩-তে। দামেস্কের বিভিন্ন এলাকায় ভোররাতের এই হামলায় আহত হয়েছেন আরও ২৫ জন। ইসরায়েলের স্থল অভিযান ও গোলাবর্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বেইত জিন এলাকায়।
আল জাজিরার খবরে জানা যায়, শুক্রবার ভোরে দামেস্ক ও বেইত জিন এলাকায় আকাশ ও স্থলপথে যৌথ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের দাবি, আর্টিলারি শেলিং ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ অন্তত ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। হামলার পর বহু পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানের উদ্দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পুরো এলাকায় টহল দিতে দেখা গেছে ইসরায়েলি ড্রোন।
স্থানীয় সূত্র আরও জানিয়েছে,বেইত জিন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়লে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার সময় ইসরায়েলি বাহিনীকে ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা। পরে ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানায়—বাহিনীকে সরিয়ে আনতে বিমান ও আর্টিলারি হামলা চালানো হয়। এতে সিরীয়দের প্রাণহানি আরও বৃদ্ধি পায়।
ইসরায়েলি সূত্র বলছে, সংঘর্ষে তাদের অন্তত ৬ সেনা আহত হয়েছে, যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। শুরুতে আহত সেনার সংখ্যা কম বলা হলেও পরবর্তীতে তা হালনাগাদ করা হয়।
পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে। নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।