দেশের ধর্মীয় বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই ধর্মীয় জ্ঞান নেই এমন কাউকে শরীয়ত নিয়ে ব্যাখ্যা না দেওয়ার আহবান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার ( ২৮ নভেম্বর ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্ত্বরে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যাদের ধর্মের জ্ঞান নাই তারা শরীয়তের ব্যাখ্যা দিবেন না। এতে বিভ্রান্তি হতে পারে। ভিন্ন ব্যাখ্যায় ধর্মের অবমাননা ঘটতে পারে।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সকলের প্রতি আহবান রইল। কোনো অপরাধ সংঘটিত হলে আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত ব্যবস্থা দেখবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, কেউ অপরাধ করলে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে, আদালত আছে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন।
এছাড়া আগামীর নির্বাচন যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে সবার সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে দেশ-বিদেশের ক্বারীগণ অংশ নেন।