বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দোয়া ও উদ্বেগের মধ্যে দিন কাটছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষেরও। দল-মত নির্বিশেষে সবাই তার সুস্থ্যতার জন্য প্রার্থনা করছেন। প্রধান উপদেষ্টাও চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন। এমন তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার ( ২৯ নভেম্বর ) সকাল পৌনে ৯টায়, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, মায়ের সংকটাপন্ন অবস্থায় তার স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা তারও প্রবল। কিন্তু দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্তে সম্পূর্ণ নির্ভরশীল নয়। রাজনৈতিক বাস্তবতার কারণে বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয় বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান আরও জানান, দেশি-বিদেশি চিকিৎসক দল সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বন্ধুত্বপূর্ণ কয়েকটি রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
‘সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে জিয়া পরিবার বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি।’
সকলের দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূল হলেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে, এবং তিনি দেশে ফিরবেন এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।