সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে জানানো হয়। পোস্টে বলা হয়, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবার কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বিএনপি।
রাতেই এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা মঈন খান। তিনি জানান, আজ মেডিকেল বোর্ড বসেছিল। বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা প্রয়োজন, সে অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করছে।