| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগানদের ভিসা দেয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম: 30-11-2025 ইং
  • 163952 বার পঠিত
আফগানদের ভিসা দেয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আফগানিস্তানের নাগরিকদের জন্য ভিসা দেয়া সম্পূর্ণভাবে বন্ধ করেছে। শনিবার বিশ্বের সকল মার্কিন দূতাবাস ও কনস্যুলার অফিসে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনো আফগান নাগরিককে নতুন ভিসা দেওয়া যাবে না, আর যাদের ভিসা আবেদন প্রক্রিয়াধীন ছিল, সেগুলোও তাৎক্ষণিকভাবে বাতিল করতে হবে।অভিবাসী, অ-অভিবাসী, এমনকি বিশেষ অভিবাসন ভিসাও বন্ধ থাকবে আফগানদের জন্য। এমনকি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফগান নাগরিকদের ভিসাও বাতিল করা হয়েছে।

এই ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন— “আফগানিস্তানের পাসপোর্টধারী সব ব্যক্তির জন্যই ভিসা বন্ধ করছে প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কোনো আপোস নয়।”

ঘটনার পেছনে কারণ হিসেবে দেখানো হচ্ছে গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর আফগান নাগরিক রহমানউল্লাহ লাকনওয়ালের বন্দুক হামলাকে।

এই হামলায় গুরুতর আহত হন দু’জন ন্যাশনাল গার্ড সদস্য। তাদের একজন পরে হাসপাতালে মারা যান।

তাৎক্ষণিক তদন্তে জানা যায়, লাকনওয়াল ছিলেন সাবেক সিআইএ এজেন্ট। মার্কিন-ন্যাটো বাহিনীকে সহযোগিতা করায় ২০২১ সালে সে সময়কার বাইডেন প্রশাসনের অনুমতিতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন তিনি।

হামলার কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস জানায়, যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের জন্য আবেদনকারী সব আফগানের আবেদন বাতিল করা হয়েছে। আজকের বিশ্বব্যাপী দূতাবাসে পাঠানো বার্তার মাধ্যমে এই পদক্ষেপ আরও কঠোরভাবে বাস্তবায়ন হলো।

২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের সময় যে সব আফগান মার্কিন বাহিনীকে সহায়তা করেছিলেন, তাদের নিরাপত্তার স্বার্থে বিশেষ ভিসা দিয়ে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছিল প্রায় দুই লাখ মানুষকে। ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় তাদের সবার ভিসাও বাতিল হয়েছে।

এ বিষয়ে আফগান সহায়তাকারী মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান ‘আফগান ইভ্যাক’-এর প্রেসিডেন্ট শন ভ্যানডিভার বলেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে ট্রাম্প প্রশাসন বহুদিন ধরেই এমন সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

আফগান নাগরিকদের ভিসা স্থগিতের এই সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪