| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার চিকিৎসা-সহায়তায় বিদেশি মেডিকেল টিম

  • আপডেট টাইম: 01-12-2025 ইং
  • 163602 বার পঠিত
খালেদা জিয়ার চিকিৎসা-সহায়তায় বিদেশি মেডিকেল টিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। হাসপাতাল সূত্র জানায়, সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে দলটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। 

হাসপাতালের সূত্র জানিয়েছে, এই বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে মেডিকেল বোর্ড মনে করছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন আছে। সূত্র জানিয়েছে, অধিকাংশ বিদেশি চিকিৎসক চীনের নাগরিক।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। আজ সকালে ডা. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি জানান, ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রাজধানীতে এক অনুষ্ঠানে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরে বলেন, তিনি সিসিইউতে আছেন এবং আগের মতোই চিকিৎসা চলছে।

রিজভী বলেন, যে যাই বলুক, কেউ বিভ্রান্ত হবেন না। খালেদা জিয়ার বর্তমান অবস্থা আমি যেটা বললাম এইটিই সর্বশেষ তথ্য।

তিনি আরও জানান, তিনি সংকটের মধ্যেই আছেন, গুরুতর অসুস্থ। তবে গতকাল যেমন ছিলেন, আজও তেমনই আছেন। তিনি বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও তুলে সকলকে সতর্ক থাকার আহবান জানান।

উল্লেখ্য, ৮১ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। এর আগে ১৫ অক্টোবরও তিনি একই হাসপাতালে ভর্তি ছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য।

এছাড়া, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে প্রায় চার মাস চিকিৎসা শেষে ফেরার পর তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে এভারকেয়ার হাসপাতালে আসছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪