রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর ) সকাল ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রিচার্ড বিল বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন এবং খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করেছেন।
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
এদিকে, খালেদা জিয়ার খোঁজ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীরা সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন।
দুপুরের দিকে এই ভিড় আরও বেড়ে যায়।
হাসপাতালের সামনে কুমিল্লা থেকে আসা বিএনপি কর্মী মাহিদুল ইসলাম বলেন, নেত্রীর জন্য খুব খারাপ লাগছিল, তাই ঢাকায় চলে এসেছি। তিনি সুস্থ হয়ে উঠবেন এটাই আমাদের দোয়া।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া গত জানুয়ারিতে লন্ডনে যান এবং প্রায় চার মাস চিকিৎসাধীন থাকার পর ৬ মে দেশে ফেরেন।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে আবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রোববার ভোরে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। নতুন কোনো তথ্য পাওয়া গেলে আমরা পরে জানাবো।