বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূল্যায়নের পর তিনি উড়োজাহাজে ভ্রমণ করতে পারবেন কি না সে সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা। চিকিৎসকদের সম্মতি পাওয়া গেলে আগামী রোববারই তাঁকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল জানান, উন্নত চিকিৎসার প্রয়োজনেই খালেদা জিয়াকে ইংল্যান্ডে নেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, কারাগারে সঠিক চিকিৎসার অভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে গেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়া নিজেকে নিবেদন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে মির্জা ফখরুল জানান, কারিগরি ত্রুটির কারণে আজ কাতারের আমির প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে পারেনি। তবে সবকিছু ঠিক থাকলে আগামীকাল (শনিবার) এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। এরপর চিকিৎসকদের মূল্যায়নের ভিত্তিতেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হবে।