রাশি যখন বামে ঘোরে, তখন সব পরিকল্পনাই বামে চলে যায়। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন, ততই বাংলাদেশের জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনটই বললেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
তিনি বলেন, নির্বাচনের জন্য যারা আগে পাগল হয়ে যাচ্ছিল, এখন তারা উল্টো নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সর্বশেষ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সমাবেশে উপস্থিত জনগণের প্রতি ইঙ্গিত করে মুফতি রেজাউল করীম দাবি করেন, এই উপস্থিতিই প্রমাণ করে যে মানুষ ইসলামী আন্দোলনের পাঁচ দফা দাবির পক্ষে রয়েছে। তিনি বলেন, পাঁচ আগস্টের ঘটনার পর হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ সন্তান হারিয়েছে, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছে, কেউ পঙ্গু হয়েছে। জনপ্রিয় নেতা ইলিয়াস আলী এখনও ফিরে আসেননি। এসব ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৫৩ বছর ধরে যারা দেশকে জিম্মি করে রেখেছে, তাদের প্রকৃত চরিত্র এখন জনগণের সামনে উন্মোচিত।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমাদের আশা ছিল— অভ্যুত্থানের পর দেশে সংস্কার হবে, খুনী-গুমকারী-টাকা পাচারকারীদের বিচার হবে, তারপর লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন হবে। কিন্তু আমরা দেখে হতবাক সংস্কারে বাধা, বিচারে বাধা।
তিনি অভিযোগ করে আরও বলেন, যারা নির্বাচনের জন্য আগে পাগল ছিল, এখন যখন দেখছে জনগণ জালেম-চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেছে, তখন তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি নির্বাচন পেছানো যাবে না।
সমাবেশে দেশপ্রেমিক ও মানবতাপ্রেমীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, ভুল বা ব্যর্থতা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসের কলঙ্ক হয়ে থাকবে।