ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে বলে অভিযোগ করে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন পাঁচ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করেন, ফলে শাহবাগের গুরুত্বপূর্ণ এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা স্ব স্ব কলেজে সকাল থেকেই বিক্ষোভ মিছিল করেন। তারা স্কুলিং মডেল বাতিল এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবি জানান। পরে সব কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল করে শাহবাগে পৌঁছে অবরোধ শুরু করেন।
ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম জানান, "স্কুলিং মডেল বাস্তবায়িত হলে পাঁচটি সরকারি কলেজে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের অস্তিত্ব থাকবে না। তাই আমরা আন্দোলন চালাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত না এই পদ্ধতি বাতিলের ঘোষণা আসে, আন্দোলন চলবে।"
এদিকে, সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা আবারও রাস্তায় নামছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম স্থগিত থাকায় এবং খসড়া অধ্যাদেশ প্রকাশের পরও চূড়ান্ত অগ্রগতি না হওয়ায় তারা পদযাত্রা ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং-এর শনিবার (৬ ডিসেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত গ্রহণের পর তিন দফা বৈঠক হলেও এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থীর উদ্বেগ আরও বেড়েছে।
শিক্ষার্থীরা দাবি করছেন দ্রুত অধ্যাদেশ জারি করে পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তা দূর করতে হবে।