ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) আমিরে জামায়াতের বসুন্ধরা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন ব্রুনাই হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মি. রোজাইমি আব্দুল্লাহ।
জামায়াতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে ২৪-এর গণবিপ্লবসহ বাংলাদেশে চলমান বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়। একই সঙ্গে ভ্রাতৃপ্রতিম দুটি দেশের অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বৈঠকে আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
এর আগে, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশে দায়িত্ব পালনের বিদায়ী সময়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এটিও অনুষ্ঠিত হয় আমিরের বসুন্ধরা কার্যালয়ে।
বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল মি. টিমোথি ডাকেট।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে খোলামেলা মতবিনিময় হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আলোচনায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আসন্ন যুক্তরাজ্য সফর সম্পর্কিত বিষয়ও উঠে আসে।