| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইনের শাসন কাকে বলে তা দেখিয়ে দিতে চাই: সিইসি

  • আপডেট টাইম: 23-12-2025 ইং
  • 153344 বার পঠিত
আইনের শাসন কাকে বলে তা দেখিয়ে দিতে চাই: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সঠিক, সুন্দর ও গ্রহণযোগ্য করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে যে অপবাদ রয়েছে, তা থেকে মুক্তি পেতে নির্বাচন কমিশন দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি।

সভা শুরুর আগে সিইসি সম্প্রতি প্রয়াত ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ব্রিফিংয়ে অন্যান্য নির্বাচন কমিশনার ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাসির উদ্দিন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আইনের শাসন কাকে বলে আমরা তা দেখিয়ে দিতে চাই। আইনের শাসন মানে আইন হবে অন্ধ। ‘ল’ (Law) সবার জন্য সমানভাবে প্রয়োগ করবেন। আপনাদের ওপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। এই ক্রান্তিলগ্নে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকব।

বিগত নির্বাচনগুলো নিয়ে সমালোচনার কথা উল্লেখ করে সিইসি বলেন, সামষ্টিকভাবে আমাদের ওপর দোষারোপ করা হচ্ছে। বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি বা ম্যানেজড ইলেকশন করছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। মাঠ পর্যায়ে আপনারা যারা সরকারকে সচল রাখেন, সিস্টেমটাকে ধরে রাখার দায়িত্ব আপনাদের।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি আরও বলেন, আপনারা বুক ফুলিয়ে আমাকে সাহস দিলে আমিও সাহসী হব। আপনারা যখন আইনের প্রতিষ্ঠার জন্য সাহসী পদক্ষেপ নেবেন এবং বিধি-বিধানের আলোকে কাজ করবেন, ইনশাআল্লাহ নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে।

তিনি স্পষ্ট করে বলেন,  আমাকে খুশি করার দরকার নেই। আপনাদের অধীনস্থদের আইনের মাধ্যমে পরিচালনা করবেন। সিস্টেম যেন ঠিকমতো ডেলিভারি দিতে পারে, সেই ব্যবস্থা আপনাদেরই করতে হবে। কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪