| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালালে নির্ধারিত যাত্রী বাদে দর্শনার্থীদের ২৪ ঘণ্টা প্রবেশ বন্ধ

  • আপডেট টাইম: 23-12-2025 ইং
  • 153310 বার পঠিত
শাহজালালে নির্ধারিত যাত্রী বাদে দর্শনার্থীদের ২৪ ঘণ্টা প্রবেশ বন্ধ

বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ লক্ষ্যে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় যাত্রী ছাড়া অন্য সবার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটে বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আগাম এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীদেরই বিমানবন্দর টার্মিনালে প্রবেশের অনুমতি দেওয়া হবে। যাত্রীদের সঙ্গে আসা স্বজন, দর্শনার্থী বা অন্যান্য ব্যক্তিরা এ সময় বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না।

এক বিজ্ঞপ্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ কালের কণ্ঠকে বলেন, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম সুশৃঙ্খল রাখতে এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ বিষয়ে যাত্রী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করেছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে আগের নিয়ম অনুযায়ী সহযাত্রী ও ভিজিটর প্রবেশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪