জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ২২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে আসবে ৩০ হাজার ৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ১ হাজার ৬৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
অনুমোদিত ২২টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১৪টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৩টি। সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ মন্ত্রিসভার বিভিন্ন উপদেষ্টা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৩টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৫টি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২টি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১টি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১টি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১টি, শিক্ষা মন্ত্রণালয়ের ২টি, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪টি, কৃষি মন্ত্রণালয়ের ১টি এবং ধর্ম মন্ত্রণালয়ের ১টি প্রকল্প রয়েছে।
এসব প্রকল্পের মাধ্যমে সড়ক ও যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের আধুনিকায়ন, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো সম্প্রসারণ, সামাজিক সুরক্ষা এবং কৃষি উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে উন্নয়ন কার্যক্রম জোরদার করা হবে বলে সভায় জানানো হয়।
এছাড়া একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টার নিজস্ব ক্ষমতাবলে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন ১০টি প্রকল্প সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে শিক্ষা অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শব্দদূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু অভিযোজন, নদীভাঙন ও বন্যা ব্যবস্থাপনা, নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক শুমারি সংক্রান্ত প্রকল্প।