জাতীয় নিরাপত্তা ও নিরাপদ বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে একটি পত্র জারি করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
বেবিচকের পত্রে উল্লেখ করা হয়, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা–২০২০ অনুযায়ী বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ গ্রহণের সময় তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া অনুমতি ছাড়াই বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন করে ছবি ধারণ করে।
বেবিচক জানায়, এ ধরনের ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করতে পারে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
এ প্রেক্ষিতে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সাধারণ জনগণকে কোনো ধরনের ড্রোন উড্ডয়ন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বেবিচক।