| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামপুরায় ২৮ জন হত্যাকাণ্ড

বিজিবির রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

  • আপডেট টাইম: 24-12-2025 ইং
  • 152960 বার পঠিত
বিজিবির রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জন ছাত্র-জনতা হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের বিষয়ে আদেশ দেওয়ার দিন আজ নির্ধারিত রয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করা হয়েছে। অপরদিকে গ্রেফতার ও পলাতক আসামিদের আইনজীবীরা তাদের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আবেদন করেছেন। গত ২১ ডিসেম্বর পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন এবং কারাগারে থাকা দুই আসামির পক্ষে আইনজীবী হামিদুল মিসবাহ শুনানি করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।

সেদিন প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মঈনুল করিম ও শাইখ মাহদী।

এ মামলায় গ্রেফতার দুই আসামির মধ্যে লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামের পাশাপাশি বিজিবিতে কর্মরত মেজর মো. রাফাত বিন আলম রয়েছেন। অপরদিকে পলাতক রয়েছেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান।

এর আগে, ১৪ ডিসেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য থাকলেও বিশেষ কারণে তা অনুষ্ঠিত হয়নি। গত ৬ ডিসেম্বর ফরমাল চার্জের ওপর শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর। ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ানুল ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে পলাতক আসামিদের হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশজুড়ে সহিংসতায় বহু মানুষ নিহত হন। এর মধ্যে রামপুরায় ২৮ জন নিহত এবং আরও অনেকে আহত হন। তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনালে চারজনের বিরুদ্ধে আলাদা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪