বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেন রাষ্ট্রপতি।
বুধবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২৬তম নতুন বিচারপতি হিসেবে আগামী ২৮ ডিসেম্বর তিনি শপথ নিবেন।
এর আগে তিনি সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিদেশ সফরে থাকায় তার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
উল্লেখ্য, জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ খ্রিষ্টাব্দে জজ কোর্টে এবং ১৯৮৭ খ্রিষ্টাব্দের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ খ্রিষ্টাব্দের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ খ্রিষ্টাব্দের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেছেন।