শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। শুক্রবার ( ২৬ ডিসেম্বর ) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগে অবস্থান নেন, ফলে ওই এলাকার যান চলাচল থমকে যায়।
এর আগে শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শহিদ হাদির রুহের মাগফিরাত কামনা এবং হত্যাকারীদের বিচারের দাবিতে দেশব্যাপী জুমা নামাজের পর দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।
শহিদ শরিফ ওসমান হাদি ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, লেখক ও শিক্ষক। তিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিতি পান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। হাদি আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন ও ভারতীয় আধিপত্যবিরোধী সক্রিয় রাজনীতির জন্যও আলোচনায় আসেন।
গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর রাত ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।