শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার রাত থেকে শাহবাগের একটি অংশ অবরোধ করে এ কর্মসূচি শুরু হয়। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শুক্রবার (২৬ ডিসেম্বর) কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অবস্থান কর্মসূচিতে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে জবাব না দেওয়া পর্যন্ত শাহবাগ ত্যাগ করা হবে না বলেও জানান তিনি। একই সঙ্গে হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী এবং তাদের ভারতে পালাতে সহায়তাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন।
এ সময় ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের বিচারে সরকারের পর্যাপ্ত আগ্রহ দেখা যাচ্ছে না। তিনি বলেন, বিচার না হলে যমুনা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে আন্তর্জাতিক তদন্ত সংস্থা নিয়োগের দাবিও জানান তিনি। তার মতে, প্রধান উপদেষ্টার ওপর চাপ থাকলে বা দেশের গোয়েন্দা সংস্থাগুলো সহযোগিতা না করলে আন্তর্জাতিক তদন্তের পথ খোলা রাখা উচিত।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। পরদিন ১৯ ডিসেম্বর রাতে মরদেহ দেশে আনা হয় এবং ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।