| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

  • আপডেট টাইম: 27-12-2025 ইং
  • 150171 বার পঠিত
অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে গেলেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন।

এর আগে, আইন মন্ত্রণালয় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগের ঘোষণা দেয়। তিনি রোববার (২৮ ডিসেম্বর) প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন।

গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। তিনি প্রায় এক বছর চার মাস দায়িত্ব পালন করেন।

ড. সৈয়দ রেফাত আহমেদ ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী সনদ পাওয়ার পর তিনি ১৯৮৪ সালে জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্টে এবং ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০০৫ সালে স্থায়ী বিচারক হন। দেশের বিচার বিভাগে ইতিহাস সৃষ্টি করে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি থাকা অবস্থায় সরাসরি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রি নেন। তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারক হন। সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

দেশের বিচার ব্যবস্থায় নতুন অধ্যায় সূচনার প্রত্যাশা নিয়ে দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪