| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালে ভোটের গাড়ি

১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি : পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম: 27-12-2025 ইং
  • 149753 বার পঠিত
১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি : পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিগত সময়গুলোতে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার অত্যন্ত সিরিয়াস।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভোলা সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোনো স্থানে সমস্যা হলে সেখানে ভোট বন্ধ করে দিতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে মানুষকে ভোটদানে উৎসাহিত করা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০৯ সালের পর থেকে অনুষ্ঠিত নির্বাচনে জনগণ প্রকৃত অর্থে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। বিশেষ করে ৩০ বছরের নিচে বা তার আশপাশের বিপুলসংখ্যক যুব ভোটার এখনো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে তরুণ ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

তৌহিদ হোসেন আরও বলেন, ২০২৪ সালের আগস্ট মাসে দেশের বিশেষ পরিস্থিতিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে। সেই আন্দোলনে অনেক তরুণ জীবন দিয়েছে। তাদের আকাঙ্ক্ষার সমন্বয়ে একটি ছোট তালিকা তৈরি করা হয়েছে, যা প্রথমবারের মতো জনগণের সামনে উপস্থাপন করা হবে। গণভোটের মাধ্যমে জনগণ সেই তালিকার পক্ষে বা বিপক্ষে মতামত জানাবে।

তিনি বলেন, জনগণ যদি পরিবর্তন চায়, তাহলে ‘হ্যাঁ’ ভোট দেবে, আর না চাইলে ‘না’ ভোট দেবে। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, তারা জনগণের এই মতামতকেই গুরুত্ব দেবে। কারণ জনগণের ভোটেই তারা নির্বাচিত হবে এবং দেশের প্রতিনিধিত্ব করবে।

ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেল্লাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪