জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ জানুয়ারি ২০২৬ করা হয়েছে।
এনবিআরের সচিব মো. একরামুল হক রোববার (২৮ ডিসেম্বর) স্বাক্ষরিত আদেশে এ তথ্য নিশ্চিত করেছেন। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখও বিষয়টি নিশ্চিত করেছেন।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার জন্য সময় বাড়ানো হয়েছে। অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক হওয়ায় করদাতাদের প্রস্তুতির জন্যও অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
এর আগে, অনলাইনে রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানো হয়েছিল, যা ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। আয়কর আইন অনুযায়ী মূলত ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন।
চলতি (২০২৫-২৬) অর্থবছরে ইতিমধ্যে ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছেন। আগস্ট থেকে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।