| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

  • আপডেট টাইম: 03-01-2026 ইং
  • 131251 বার পঠিত
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

আজ থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) মেলার উদ্বোধন করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা মাসব্যাপী চলবে।

মেলা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশের অপার সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি অনন্য আয়োজন।

তিনি আরও বলেন, “৩০তম ডিআইটিএফ-২০২৬ উপলক্ষ্যে মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশীয় পণ্যের প্রচার এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে এই মেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন অনলাইনের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে চালু করা হয়েছে ই-টিকিটিং ব্যবস্থা। অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে। পাশাপাশি যাতায়াত সুবিধায় বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস এবং কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিস চালু করা হয়েছে।

উল্লেখ্য, মেলাটি প্রথমে ১ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা সম্ভব হয়নি। পরবর্তীতে ২০২২ সাল থেকে পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে নিয়মিতভাবে মেলার আয়োজন করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪