| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

  • আপডেট টাইম: 07-01-2026 ইং
  • 129153 বার পঠিত
জকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষে ফল ঘোষণা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে একে একে বিভিন্ন বিভাগের ফল প্রকাশ করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। নির্বাচন কমিশনার শহীদুল ইসলাম জানান, দুটি মেশিনে ভিন্ন ভিন্ন ফলাফল দেখা দেওয়ায় গণনা স্থগিত রাখা হয়। পরে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পর মধ্যরাতে রাত সাড়ে ১২টার দিকে পুনরায় ভোট গণনা শুরু হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ভোট গণনা করা হয়।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হলেও নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কয়েকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এসব ভোটারকেও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।

নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন চূড়ান্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজার ৬৬৫ জন।

নির্বাচনে চারটি প্যানেল অংশ নেয়। এগুলো হলো—ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট–সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’। পাশাপাশি স্বতন্ত্রভাবেও বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভিপি (সহসভাপতি) পদে ১২ জন, জিএস (সাধারণ সম্পাদক) পদে ৯ জন এবং এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। ফল ঘোষণাকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা বিরাজ করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪