| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা

  • আপডেট টাইম: 09-01-2026 ইং
  • 127809 বার পঠিত
হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানাচ্ছেন নার্সরা

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে দীর্ঘদিন ধরে রান্না চালানোর অভিযোগ উঠেছে। হাসপাতালের সিজারিয়ান অপারেশন চলাকালীন সময়ে কিছু সিনিয়র স্টাফ নার্স গ্যাসের চুলায় রান্না করছেন এবং থিয়েটারের কক্ষকে শয়নকক্ষ হিসেবে ব্যবহার করছেন। এতে প্রসূতি মা ও নবজাতকরা মারাত্মক সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ভিডিওতে দেখা গেছে, অপারেশন চলাকালীন রোগীর স্বজন এবং বহিরাগতরা অবাধে থিয়েটারে চলাচল করছেন। অভিযোগ রয়েছে, গত দুই বছর ধরে অপারেশন থিয়েটারে এ ধরনের অব্যবস্থাপনা চলছে।

ঘটনার পর ৮ জানুয়ারি হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির আহ্বায়ক করা হয়েছেন হাসপাতালের জ্যেষ্ঠ কনসালটেন্ট ও সহকারী পরিচালক ডা. জালাল উদ্দিন। সদস্য হিসেবে রয়েছেন সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আদনান আহমদ এবং সদস্য সচিব হিসেবে আছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য সচিব ডা. শোয়েব ইমতিয়াজ নিলয় বলেন, “অপারেশন থিয়েটারের মতো সংবেদনশীল এলাকায় রান্না করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে প্রতিবেদন জমা দেব।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম বলেন, “থিয়েটার একটি অত্যন্ত সংরক্ষিত এলাকা। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। আইরিন আক্তার নামে এক সেবাগ্রহীতা বলেন, “যাদের আমাদের স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণের দায়িত্ব, তাদের কাছেই আমরা অনিরাপদ। সরকারি হাসপাতালে সেবা নিতে গিয়ে আমরা অসহায় হয়ে পড়ছি।”

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪