প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা বুধবার ( ১৪ জানুযারি ) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন। ঢাকা কলেজ থেকে মিছিল করে আসা শিক্ষার্থীরা দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে সায়েন্সল্যাব এলাকার যান চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫-এর হালনাগাদ খসড়া অনুমোদন দিতে হবে এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫-এর খসড়া প্রকাশিত হয়। পরে বিভিন্ন পরামর্শ সভার মাধ্যমে এটি হালনাগাদ করা হয়। তারা দাবি করেছেন, ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থানকালে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি হবে, কিন্তু এখনও অগ্রগতি হয়নি।
অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনিক উৎকর্ষ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যে এই অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রীপরিষদ বিভাগের নীতিগত সম্মতি গ্রহণ এবং লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে এটি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।