প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদন ও রাষ্ট্রপতি কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে ফের রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ( ১৫ জানুয়ারি ) দুপুর সাড়ে ১২টার পর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন সায়েন্স ল্যাব মোড়ে। এ কারণে আশপাশের এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে যাত্রীদের।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। এছাড়া আজ টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড়েও তারা একই কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন।
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা আসলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে বিলম্ব হওয়ায় শিক্ষার্থীরা এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে সড়ক ছাড়বেন না।