আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট‑২০২৬‑এর প্রস্তুতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতিকে সন্তোষজনক হিসেবে মূল্যায়ন করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার ( ২৫ জানুয়ারি ) সকালে রাজধানীর একটি হোটেলে ইসি আয়োজিত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সামনে নির্বাচনের প্রস্ততি তুলে ধরেন।
কূটনীতিকরা বলেন, তারা কমিশনের পরিকল্পনা ও উদ্যোগকে দেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে বলে আস্থা পেয়েছেন।
সিইসি আরও জানান, বিভিন্ন দেশের কূটনীতিকরা নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থা ও সম্মান প্রকাশ করেছেন এবং কমিশনের সক্ষমতা নিয়ে সন্তুষ্টি জ্ঞাপন করেছেন। এই মতামতের মাধ্যমে তারা বিদেশি সম্প্রদায়ের পক্ষ থেকেও বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার প্রতি ইতিবাচক বার্তা দিয়েছেন।
এতে বলা হয়, কমিশন সব প্রস্ততি নিয়েছেন যাতে ভোটগ্রহণের দিন ভোটাররা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন। বৈঠকে দেশের নির্বাচন প্রস্তুতি, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা এবং নির্বাচন কমিশনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।