প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। একই সঙ্গে চার থেকে তের বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা অবৈতনিক করার উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার গ্রেড ধাপে ধাপে বাড়িয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। তবে এটি একসঙ্গে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে চার থেকে তের বছর বয়সীদের জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার বিষয়েও সরকার কাজ করছে।
অনুষ্ঠানে শিক্ষাখাতে বাজেট বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
হাফিজ/ আয়না নিউজ