| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাস-ট্রাক ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার : মন্ত্রী

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 410 বার পঠিত
বাস-ট্রাক ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার : মন্ত্রী

জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস-ট্রাকসহ সড়ক পরিবহণের নতুন ভাড়া নির্ধারণে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহণ ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, আজকের সভায় নতুন ভাড়া নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার জানানো হবে।

এদিকে পরিবহণ মালিকরা জানিয়েছেন, খাতটি বর্তমানে বাড়তি আর্থিক চাপের মুখে রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির নেতারা বলছেন, ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানিকৃত যন্ত্রাংশ ও যানবাহন রক্ষণাবেক্ষণ খরচও বৃদ্ধি পেয়েছে।

পরিবহণ সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে খাতটির স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির মূল্য ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ জরুরি।

এর আগে, গত ১৮ এপ্রিল রাতে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাস ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিআরটিএ কর্মকর্তাদের পাশাপাশি পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া পুনর্নির্ধারণের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে, যা দ্রুতই মন্ত্রণালয়ের মাধ্যমে চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে সরকার ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। নতুন দরে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত পরিবহণ খাত ও সাধারণ যাত্রীদের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪