| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদে গাড়ি চাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 634 বার পঠিত
সংসদে গাড়ি চাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, তিনি ও তাঁর সহকর্মীরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নিতে চান না। বরং সংসদ সদস্যদের সরকারি কাজ পরিচালনার জন্য সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের সুযোগ দেয়ার প্রস্তাব করেছেন। 

বুধবার (২২ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জাতীয় সংসদ-এর অধিবেশনের ১৯তম দিনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না, প্লট সুবিধাও নেব না। তবে জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা যেভাবে সরকারি কাজে ব্যবহারের জন্য গাড়ি পান, সংসদ সদস্যদের ক্ষেত্রেও একই ব্যবস্থা করা যায় কি না সেটি আমি এই সংসদে জানিয়েছি।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন একটি গাড়ি বরাদ্দ দেওয়া হলে তারা দায়িত্ব পালনকালীন সময় পর্যন্ত সেটি ব্যবহার করতে পারবেন এবং এতে অতিরিক্ত খরচের প্রয়োজন হবে না। বর্তমানে এমপিরা গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে প্রায় ৭০ হাজার টাকা ভাতা পান, কিন্তু অনেকের নিজস্ব গাড়ি নেই বলে তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি পরিষ্কারভাবে বলেন, “গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি। ট্যাক্স ফ্রি প্লট ও গাড়ির বিষয়টি এই সংসদের পুরো হাউজ ইতোমধ্যেই ঐক্যবদ্ধভাবে প্রত্যাখ্যান করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিটি সদস্য এ বিষয়ে একটি অনন্য নজির স্থাপন করেছে।”

সংসদে তাঁর এই বক্তব্য নতুন করে জনপ্রতিনিধিদের সুযোগ-সুবিধা ও দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪