বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট কন্টিনজেন্টের নিয়মিত প্রতিস্থাপন কার্যক্রম শুরু করেছে। নতুন কন্টিনজেন্ট হিসেবে মোট ৬২ জন সদস্য কঙ্গোতে মোতায়েন হচ্ছেন।
প্রতিস্থাপনের প্রথম ধাপে ৩৫ জন সদস্য রোববার (২৫ জানুয়ারি) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করেন। বাকি ২৭ জন সদস্য আগামী ২ ফেব্রুয়ারি একই এয়ারলাইন্সের বিমানে দেশ ত্যাগ করবেন।
নতুন কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ। কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও জাতিসংঘের আস্থা অর্জন করেছেন। এই সুনাম অক্ষুণ্ণ রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যতে আরও উৎকর্ষ অর্জন করতে পারেন, সেই কামনায় বিমানবন্দর থেকে বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিমান বাহিনী প্রধানের সহকারী এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে ২০ জানুয়ারি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কঙ্গোগামী কন্টিনজেন্টকে ব্রিফিং দেন এবং মিশনের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
তিনি সদস্যদের সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধি করার আহবান জানান।