দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবেন, তাদের কাছে ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফল এবার একসঙ্গেই প্রকাশ করা হবে। দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য যেসব ভোটার ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ঠিকানায় আজ থেকেই ব্যালট পেপার পাঠানো হচ্ছে। এই তালিকায় রয়েছেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা।
ইসি সচিব বলেন, ব্যালট পেপার পাওয়ার পর ভোটারদের দ্রুত ভোট প্রদান করে তা ফেরত পাঠাতে হবে। ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নামও উল্লেখ থাকবে।
গতকাল বিদেশি কূটনীতিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে আখতার আহমেদ বলেন, কূটনীতিকরা ভোটের ফলাফল প্রকাশের সময়সীমা সম্পর্কে জানতে চেয়েছেন। সাধারণ ভোটকেন্দ্রগুলোর ফলাফল ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে। তবে প্রবাসী ভোটের কেন্দ্রগুলোতে ফলাফল গণনায় কিছুটা বেশি সময় লাগবে।
তিনি জানান, প্রবাসীদের জন্য ব্যবহৃত এ-ফোর সাইজের ব্যালট পেপারের দুই পাশে মোট ১১৯টি মার্কা রয়েছে, যা ম্যানুয়ালি স্ক্যান করতে হয়। ত্রুটিমুক্ত ফলাফল নিশ্চিত করতেই অতিরিক্ত সময় প্রয়োজন হবে। কত ভোট জমা পড়বে, তার ওপর ভিত্তি করেই গণনার সময় নির্ধারিত হবে।
বিদেশে অবস্থানরতদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বিদেশে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তা ব্যক্তিগত পর্যায়ের অপরাধ হিসেবে বিবেচিত হবে।