| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে টেকনাফে ২ কিশোর আহত

  • আপডেট টাইম: 27-01-2026 ইং
  • 122308 বার পঠিত
মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে টেকনাফে ২ কিশোর আহত

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তের দিক থেকে ছোড়া গুলিতে দুই কিশোর জেলে গুলিবিদ্ধ হয়েছেন।  মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী সংলগ্ন নাফ নদী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কিশোররা হলেন হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৫) এবং একই এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী বিওপির পূর্ব পাশে নাফ নদী-সংলগ্ন কেওড়া বাগানে মাছ শিকার ও লাকড়ি সংগ্রহ করতে যায় তারা। এ সময় হঠাৎ মিয়ানমার সীমান্তের দিক থেকে ছোড়া গুলিতে দুজনই গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ আব্দুল্লাহর মামা মোহাম্মদ ইসমাইল জানান, গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, সোহেলের বাম পা ও হাতে গুলি লাগে এবং আব্দুল্লাহর মাথায় গুলি লাগে। বর্তমানে দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, ওই এলাকায় দুই কিশোর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তারা বর্তমানে একটি বেসরকারি এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে হোয়াইক্যং সীমান্তে নাফ নদীর প্রায় ৫০০ গজ ওপারে মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলির শব্দ শোনা যায়। প্রায় দেড় ঘণ্টা পর দুই কিশোর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়। তাদের একজনের মাথায় এবং অন্যজনের পায়ে গুলি লেগেছে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা ঘটনার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪